একদিন স্বপ্নের দিন

আপনারে লইয়া মেলায় গেছি,চড়তে চাইতেছেন চর্কিতে। আমারে কন ডরাও কেন সোনা,দেখো আমি কেমনে উইঠ্যা যাই! আমি কইলাম তার আগে চলেন অঞ্জলী দিয়া লই,অল্পবিস্তর খাইয়া লই। আপনে কইলেন ভরা পেটে নাগরদোলায় উঠন যাইব না। আগে চলো ঘুইরা আসি। অন্য মাইয়ারা শাড়ি পিন্দা উইঠা যাইতাছে,তুমি তো কুর্তি পরা পারবা,আসো আমার হাত ধরো নইলে ভীড়ের মধ্যে হারায়ে যাইবা।

আমার ইচ্ছা করতেছিলো আপনারে বলি আমি তো দৈনিক আপনের অবহেলায় হারাই। তা না বইলা আপনার বাড়ানো বাহুমূলে নিজেরে জড়াইলাম। আপনারে কইতে পারলাম না ফ্যান্টাসি কিংডমে যখন প্রথম ম্যাজিক কার্পেট আইলো তখন আমার কি হইছিলো!

ফ্যান্টাসি কিংডম যামু বড় ভাইয়ের নতুন বউ নিয়া। আমার ছোট ভাই আমারে কইলো যাইয়াই প্রথমে নয়া রাইড আইছে ম্যাজিক কার্পেটে উঠবি। তখন আবার দেশে খুব আলিফ লায়লা দেখায়। যাদুর কার্পেটে উইঠা তো বইলাম। উরিব্বাবা,আমার চশমা কই যেন ছিটকা পড়লো। জ্বী আমি চশমা ছাড়া কানা এটা আপনে এখানে কইবেন আমি জানি। কোনমতে ভাবীরে নিয়া নামলাম ম্যাজিক কার্পেট থেকে। ভাবীর এই যে মাথা চক্বর দেয়া শুরু করলো,আমরা আর কোন রাইডে না চইড়া ঘরে ফিরা আইলাম। আমার নাগরদোলা চরকি এগুলা দেখলে আইজো সেইরকমই লাগে।

আপনে কইছেন উঠতে,আমি তো উঠুমই। আপনে যদি ফরাসী বিপ্লবের গিলোটিনে কন মাথা পাইতা দিতে তাও দিমু। এইখানে আপনি আমারে নিয়া হাসবেন জানি,কইবেন কচুর ফেমিনিস্ট হইছো নিজের ভালো মন্দ না বুইঝা একজনের লাইগা সব ভাসাইয়া দেয়ার তরিকায় থাকে বোকা মাইয়াডি।

আপনে থাকেন ফেমিনিজমের পলিটিক্যাল কারেক্টনেস নিয়া আমি তো আপনের সুবাস নিতাছি এই ভীড়ের মাঝেও,আপনের হাতের মধ্যে আটকানো হাত টিনেজ গো মতো ঘাইমা যাইতাছে,আপনে একটু পর পর টিস্যু দিয়া আমার হাত মুইছা আবার মুঠোয় নিয়া নিতাছেন আমারে!

কেন বছরের প্রত্যেকদিন এমন মেলা হয় না! কেন ডালা ভর্তি খাওন থাকে না বছরের সবদিন যেই ডালা থেকে আপনে আমারে সোহাগে শাসনে মুখে তুইলা দিতাছেন মিষ্টান্ন! যেখানে জানেন আমি মিষ্টি খাইতেই পারি না। কইতাছেন এই সময় মিষ্টি খাওন লাগে। আপনে বিষ দিলে সেইটাও আমার লাইগা মিষ্টি ই।

আমি উবু হইয়া আপনে নামক নদীর কূলে বইসা পড়তাছি মনে মনে বারবার,নিজেরে মনে হইতাছে হ্যান্ডগ্রেনেড আপনে পিনটা সরাইলেই আমি একশ খন্ড হইয়া ছড়ায়ে যামু আপনের কোলে কাঁখে শরীরে, হাওয়ায় প্যামফ্লেট উড়তাছে,আমার নিজেরে এই পূজা বেলায় মনে হইতাছে স্বাধীন, আপনে আমারে এই গ্রহণ করলেন বইলা..আমরা দুইজন খেলতাছি আপনার প্রিয় ডাইনী ডাইনী খেলা এমন সময় আমারে যতই কেউ জল ঢাইলা ঘুম ভাঙানোর চেষ্টা করুক মা দুগগার দিব্যি আমি জাগুম না। আমার এই স্বপমঙ্গল চলুক গুলি গোলা হজম করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *